দিনাজপুরে গণশুনানিতে সরকারি-বেসরকারি ১২৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৩০ অভিযোগ
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (১০ নভেম্বর ২০২৫) দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সরাসরি শোনা হয় এবং তার নিষ্পত্তির জন্য ব্যবস্থা নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন এর কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি তার বক্তব্যে সরকারি কর্মচারীদের জনগণের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন।
কমিশনার আজিজী বলেন,
সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি ও অবৈধভাবে অর্থ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে রাখা দরকার, জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। তাই জনগণের সেবা করাই তাদের প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো চাপে পড়ে যেন কেউ দুর্নীতির পথে না হাঁটে, সেই আহ্বানও জানান তিনি।
গণশুনানীতে মোট ১২৭টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৩০টি অভিযোগ জমা পড়ে। দ্বিতীয় পর্বে এই অভিযোগগুলোর মধ্য থেকে শতাধিক অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন এর মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাঃ নুরুল হুদা ও জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
এছাড়াও গণশুনানীতে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোঃ আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































